আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: ১০০ জনের বেশি নিহত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: ১০০ জনের বেশি নিহত

আফগানিস্তানের তিনটি প্রদেশে বিমান হামলা চালিয়ে শতাধিক ‘সন্ত্রাসী’কে হত্যার দাবি করেছে পাকিস্তান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেশটির সিনেট অধিবেশনে এ তথ্য জানান পার্লামেন্টারি বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। ইউসুফ রেজা গিলানির সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে মন্ত্রী বলেন, পাকিস্তানের অভ্যন্তরে ক্রমাগত সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে আত্মরক্ষার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তারিক ফজল চৌধুরীর ভাষ্যমতে, আফগানিস্তানে অবস্থানরত সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল ও প্রশিক্ষণ শিবিরের সুনির্দিষ্ট তথ্য তালেবান প্রশাসনকে দেওয়া হয়েছিল। কিন্তু তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। উল্টো সন্ত্রাসীদের পুনর্বাসনের জন্য পাকিস্তানের কাছে কোটি কোটি ডলার দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই নির্ভুল অভিযানে কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়নি।

পাকিস্তানে সাম্প্রতিক সময়ে মসজিদে হামলাসহ বিভিন্ন নাশকতায় অসংখ্য সামরিক-বেসামরিক লোক নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, সব সন্ত্রাসী ঘটনার ‘মূল সূত্র’ আফগানিস্তান। পাকিস্তান আর এসব সহ্য করবে না এবং আত্মরক্ষার স্বার্থে ভবিষ্যতে যেকোনো ব্যবস্থা নেওয়ার অধিকার দেশটির রয়েছে বলেও তিনি সাফ জানিয়ে দেন।

মন্তব্য করুন