ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অবশেষে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ এ পদটি তার এই পদত্যাগপত্র জমাদানের ফলে শূন্য হতে চলছে। সরকার আনুষ্ঠানিকভাবে তার এই পদত্যাগপত্র গ্রহণ করলেই নতুন আরেকজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ এই পদে নিয়োগ পেতে আলোচনা চলছে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে। উপাচার্য পদে কারা নিয়োগে পাচ্ছেন—তা নিয়ে ইতোমধ্যেই আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এতে এগিয়ে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫ জ্যেষ্ঠ শিক্ষক। এরমধ্যে থেকে একজনকে নিয়োগ দিয়ে চলতি সপ্তাহের যেকোনো সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে—এমনটাই ধারণা করা যাচ্ছে।
উপাচার্য পদে নিয়োগে পেতে এগিয়ে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। অধ্যাপক ড. মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং জাসাসের সভাপতি ছিলেন। এছাড়া তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন। আরও আলোচনায় রয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর বর্তমান সভাপতি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবেও নেতৃত্ব দেন। বর্তমানে তিনি বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাগেরহাট-৪ আসনে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্তিতে তিনি আলোচনায় ছিলেন। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, কলা অনুষদের ডিন ও ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সাদা দলের বর্তমান আহ্বায়ক, মার্কেটিং বিভাগের অধ্যাপক, ইউট্যাবের বর্তমান মহাসচিব এবং বিএনপির নির্বাহী কমিটির গণশিক্ষা সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য ড. মো. মোর্শেদ হাসান খানও রয়েছেন আলোচিতদের তালিকায়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ