ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও হল দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দলীয় রাজনীতি। এই ঘটনার প্রেক্ষিতে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমানের পদ দুই মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করেছে কেন্দ্রীয় সংসদ। তবে আতিকুর রহমান এই সিদ্ধান্তকে সদস্য সচিব ও আহ্বায়কের সাজানো 'ষড়যন্ত্র' বলে দাবি করেছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই স্থগিতাদেশ প্রদান করা হয়। জানা যায়, গত ১৯ ফেব্রুয়ারি হলে সিট বরাদ্দ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে এক পক্ষের তিনজন কর্মী আহত হন এবং অপর পক্ষের নেতা আতিকুর রহমানের অনুসারীদের মেসে ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ঘটনার জের ধরে কেন্দ্রীয় সংসদ আতিকুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
পদ স্থগিত হওয়া নেতা আতিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, হলের ১০৪ নম্বর রুমের একটি সিট বরাদ্দ নিয়ে সমস্যার সূত্রপাত। ছাত্রলীগের সাবেক কর্মী হিসেবে পরিচিত এবং বর্তমানে ছাত্রদলের নামধারী কিছু সদস্য হলে প্রশাসনের মতো আচরণ করছে। তিনি বলেন, “আমি ১২ বছর ধরে ছাত্রদলের রাজনীতি করছি। দলীয় নীতি অনুযায়ী কাউকে হলে উঠতে সাহায্য করার কথা থাকলেও তারা বাধা দিচ্ছিল। আমি বিষয়টি আহ্বায়ক ও সদস্য সচিবকে জানালে তারা হলে গিয়ে আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র করে পরিস্থিতি ঘোলাটে করেন।” নিবিড় নামের একজনের বেয়াদবির কারণে তাকে একটি থাপ্পড় মেরেছিলেন স্বীকার করে আতিকুর দাবি করেন, এর পরেই তার ছোট ভাইদের মেসে হামলা ও ভাঙচুর চালানো হয়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং কেন্দ্রীয় সংসদ ইতিমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। কারো সীমা লঙ্ঘনের প্রমাণ পেলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন আতিকুর রহমানের অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, কেন্দ্রীয় কমিটি সবকিছুর ঊর্ধ্বে এবং তাদের সিদ্ধান্তের মাধ্যমেই শৃঙ্খলা রক্ষার চেষ্টা করা হচ্ছে। তবে ক্যাম্পাসে এখনো এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ