ছেলেকে রাস্তায় ফেলে মারধর, থানায় অভিযোগ নিয়ে অভিনেত্রী মনিরা মিঠু

ছেলেকে রাস্তায় ফেলে মারধর, থানায় অভিযোগ নিয়ে অভিনেত্রী মনিরা মিঠু

বিনোদন প্রতিবেদক, ঢাকা: রাজধানীর রাস্তায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস হামলা ও বেধড়ক মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি এ অভিযোগ করেন। ঘটনার পর দোষীদের বিচারের দাবিতে লিখিত অভিযোগ নিয়ে রাজধানীর উত্তরার তুরাগ থানায় গেছেন এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমের পোস্টে একটি প্রাইভেট কারের ছবি শেয়ার করে মনিরা মিঠু লেখেন, “কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি প্রচণ্ড গতিতে এসে আমার গাড়ির পেছনে ধাক্কা দেয়। এরপর দুজন লোক গাড়ি থেকে নেমে আমার বড় ছেলে উপন্যাসকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ভিডিও ধারণ করা হয়েছে।” অভিনেত্রী তার পোস্টে হামলাকারীদের গাড়ির নম্বরও প্রকাশ করেছেন, যা হলো ‘ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫’।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে মনিরা আক্তার মিঠু জানান, হামলায় তার ছেলের চোখে প্রচণ্ড আঘাত লেগেছে। মামলার প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, “লিখিত অভিযোগ নিয়ে তুরাগ থানায় এসেছি। মামলার পর বিস্তারিত জানাব।” অন্যদিকে, তুরাগ থানার ডিউটি অফিসার সানজিদা জানিয়েছেন, মনিরা আক্তার মিঠু থানায় উপস্থিত হয়েছেন। তার আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন