ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সড়কে বিভিন্ন পরিবহন থেকে মালিক বা শ্রমিক সংগঠনের সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটিকে ‘চাঁদা’ হিসেবে মানতে নারাজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তাঁর মতে, কেউ দিতে না চাইলে বা কাউকে টাকা দিতে বাধ্য করা হলেই কেবল সেটি চাঁদা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সড়কে পরিবহনের চাঁদা প্রসঙ্গে মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক সমিতিগুলো তাদের নিজস্ব কল্যাণে এই টাকা তুলে থাকে, যা একটি অলিখিত বিধির মতো। তারা নির্দিষ্ট হারে টাকা তুলে সেটি ব্যবহার করতে চায়। এর ব্যবহার নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে, কিন্তু তারা সমঝোতার ভিত্তিতেই এই কাজ করে। তিনি আরও বলেন, যে দল ক্ষমতায় থাকে, স্বভাবতই সেই দলের শ্রমিক সংগঠনের একটি আধিপত্য থাকে। কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে থাকা জায়গাগুলোতে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা বা সুবিধা নেবে, সেই সুযোগ নেই। মালিকরা সমঝোতার ভিত্তিতে টাকা তুললে সেখানে কেউ বঞ্চিত হচ্ছে কি না বা অর্থের অপব্যবহার হচ্ছে কি না, তা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।
মহাসড়কে যানজট ও আসন্ন ঈদযাত্রা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, মহাসড়কের ওপর গড়ে ওঠা বাজারগুলো যানজটের অন্যতম কারণ, এগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। ঈদযাত্রা নিয়ে তিনি জানান, ছুটির দিন কম হলে সড়কে চাপ বেড়ে যায়। গতবারের লম্বা ছুটির সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, এবারও আগের সফল প্রক্রিয়াগুলো অনুসরণ করার পাশাপাশি ভোগান্তি কমাতে নতুন পদ্ধতি গ্রহণ করা হবে। আগামী ৫ থেকে ১০ দিনের মধ্যে ঈদযাত্রা ও ছুটির বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা জানানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ