ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে সদর উপজেলার কোতয়ালী থানার শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফুলবাড়ী বিজিবি ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।
বিজিবি অধিনায়ক জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ছয়টি উপজেলা ও সীমান্ত এলাকায় বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সম্প্রতি গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, সীমান্ত দিয়ে বড় একটি মাদক চালানের সঙ্গে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এই তথ্যের ভিত্তিতে গত দুই থেকে তিন সপ্তাহ ধরে বিজিবির একটি বিশেষ টহল দল সক্রিয়ভাবে কাজ শুরু করে। গত ৩ ফেব্রুয়ারি রাতে মোহনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গিলাবাড়ীতে কৌশলগত অবস্থান নেয় বিজিবির সদস্যরা।
অভিযানের ধারাবাহিকতায় বুধবার ভোরে সীমান্ত পিলার ৩০৮/১৯-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন চোরাকারবারিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি তাদের ঘেরাও করার উদ্যোগ নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ছয়টি বস্তা ফেলে রেখে দ্রুত সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ওই বস্তাগুলো তল্লাশি করে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি, ১০০ বোতল ফেনসিডিল, ৫০০টি নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমলকুল জব্দ করা হয়।
সংবাদ ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, নির্বাচনকালীন সময়সহ যেকোনো পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং অপরাধ প্রতিরোধে ফুলবাড়ী ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তকে শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন। জব্দকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
টি.আই/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ