জড়িতদের ধরিয়ে দিলেই মিলবে ২০ হাজার টাকা পুরস্কার: নুরুল হক নুর

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ণ
জড়িতদের ধরিয়ে দিলেই মিলবে ২০ হাজার টাকা পুরস্কার: নুরুল হক নুর

অনলাইন ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের ধরিয়ে দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি ঘোষণা দিয়েছেন যে, এসব অপরাধে সরাসরি জড়িতদের ধরে পুলিশের হাতে তুলে দিতে পারলে দলের পক্ষ থেকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ‘৭ নভেম্বর ইতিহাসের বাঁকবদল ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

নুরুল হক নুর বলেন, “যারা বাসে আগুন দিচ্ছে এবং ককটেল মারছে, তাদের ধরে পুলিশে সোপর্দ করবেন। পাশাপাশি কারা এসব destructive (ধ্বংসাত্মক) কর্মকাণ্ডে অর্থ বা অন্যভাবে সহযোগিতা করছে, সেই তথ্যও আইনশৃঙ্খলা বাহিনীকে দেবেন। কারণ, জনগণের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দেশকে একটি স্থিতিশীল ও নিরাপদ রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়।”

আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন দিকে মোড় নিতে পারত। এতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়ার আশঙ্কা ছিল। মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক সচেতন জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই সেদিন সব ধরনের আধিপত্যবাদী অপতৎপরতা রুখে দেওয়া সম্ভব হয়েছিল। তিনি আরও বলেন, ৩ নভেম্বরের জেলহত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে দায়ী করার রাজনৈতিক বয়ান সম্পূর্ণ সঠিক নয়, কারণ ওই সময় তিনি বন্দি ছিলেন। আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাস বিকৃত করে জাতিকে বিভক্ত করেছে বলে অভিযোগ করেন তিনি।

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনৈতিক মাঠে ফিরে আসার গুঞ্জন প্রসঙ্গে নুর বলেন, ৫ আগস্টের পর দলটির কার্যকর কোনো রাজনৈতিক অস্তিত্ব অবশিষ্ট নেই। গত দুই বছরে দলটির কোনো ধরনের সাংগঠনিক তৎপরতা বা প্রতিবাদ দেখা যায়নি। এমন পরিস্থিতিতে আগস্ট বা ডিসেম্বরে তাদের ফিরে আসার বক্তব্য সম্পূর্ণ হাস্যকর ও বিভ্রান্তিকর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের সুনির্দিষ্ট সমর্থন নিয়েই সরকার ক্ষমতায় এসেছে। তাই যেকোনো অপশক্তিকে মোকাবিলা করতে জনগণকে সবসময় সঙ্গে রাখতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে কৌশলগত অবস্থান নেওয়ার বিষয়েও বিরোধী দলগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

শ্রমিক অধিকার ও জনকল্যাণমূলক উদ্যোগ:

শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নের প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ইতিমধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের নিয়মিত বেতনের পাশাপাশি তাদের স্বাস্থ্যসেবা ও পরিবারের জন্য রেশনিং ব্যবস্থার বিষয়েও বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

এছাড়া ঢাকার ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, যানজট ও জনদুর্ভোগ কমাতে ফুটপাত উচ্ছেদের পাশাপাশি হকারদের যথাযথ পুনর্বাসনের কাজ চলছে। এ ধরনের জনস্বার্থমূলক কাজে সব রাজনৈতিক দলের ইতিবাচক সমর্থন দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।