বিগত দেড় দশকের শিক্ষাব্যবস্থার অনিয়ম নিয়ে কঠোর বার্তা রাষ্ট্রপতির

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ
বিগত দেড় দশকের শিক্ষাব্যবস্থার অনিয়ম নিয়ে কঠোর বার্তা রাষ্ট্রপতির

জাতীয় ডেস্ক:  শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ এবং মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নিজের অর্জিত শিক্ষাকে দেশের সাধারণ মানুষের স্বার্থে ব্যবহার করতে হবে এবং যাদের শ্রম ও অবদানে দেশের অর্থনীতি সচল থাকে, তাদের গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য (চ্যান্সেলর) হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন কেবল সনদ অর্জনের কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি দীর্ঘদিনের অধ্যবসায়, পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি। সমাবর্তন মানে নতুন দায়িত্ব গ্রহণ এবং অর্জিত জ্ঞানকে ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর অঙ্গীকার। সনদ অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হতে পারে, কিন্তু মানুষ হয়ে ওঠার শিক্ষা কখনো শেষ হয় না। কেবল সনদসর্বস্ব জ্ঞান দিয়ে ব্যক্তি বা দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিগত দেড় দশকের শিক্ষাব্যবস্থার করুণ চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অতীতে শিক্ষাখাতে নানা অনিয়মের মাধ্যমে সম্ভাবনাময় বিশাল এক তরুণ সমাজকে হতাশার অতলে ঠেলে দেওয়া হয়েছিল। কোনো রকম বাছ-বিচার ছাড়াই মানহীন বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি দেওয়ায় এসব প্রতিষ্ঠান কেবল উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে। এই অবস্থা থেকে সম্পূর্ণ বের হয়ে এসে বহুশিক্ষাধারার মধ্যে সমন্বয় করে একটি আধুনিক ও কার্যকর জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার তাগিদ দিয়ে আচার্য বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবপ্রযুক্তি ও রোবটিকসের মতো উদীয়মান প্রযুক্তি কর্মজগতের ধরন দ্রুত বদলে দিচ্ছে। আজকের অর্জিত জ্ঞান দিয়ে হয়তো আগামী কয়েক বছরের চাহিদা পূরণ করা সম্ভব হবে না। তাই শিক্ষার্থীদের ডিগ্রি অর্জনের পাশাপাশি প্রতিনিয়ত নতুন কিছু শেখা, স্বাধীনভাবে চিন্তা করা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা তৈরির আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক, কারিগরি ও কর্মমুখী শিক্ষা সম্প্রসারণের তাগিদ দেন।

বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার কথা বললেও নিজের ইতিহাস, ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে ভুলে না যাওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির নৈতিক ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।

অনুষ্ঠানে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকার কথা বিশেষভাবে স্মরণ করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ম. তামিম এবং সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. আইনুন নিশাত। পরে রাষ্ট্রপতি কৃতী শিক্ষার্থীদের মাঝে ডিগ্রি ও আচার্যের পদকসহ সম্মাননা স্মারক তুলে দেন।

সকালবেলা / নুসরাত