স্বাস্থ্য খাতে ৩৫ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিলো সরকার
অনলাইন ডেস্ক: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার গতি বৃদ্ধি ও মাঠ পর্যায়ে জনবল সংকট নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ থেকে ২০তম গ্রেডের প্রায় ৩৫ হাজার শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সরকারের ঘোষিত ‘সবার জন্য স্বাস্থ্য’ সুনির্দিষ্ট নীতির অংশ হিসেবে ধাপে ধাপে মোট এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেই কর্মপরিকল্পনারই অংশ হিসেবে জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হলো।
সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এ এন এম বজলুর রশীদের সভাপতিত্বে আয়োজিত এক বিশেষ ভার্চুয়াল সভা শেষে এই নির্দেশনা জারি করা হয়। নির্দেশনার অনুলিপি ইতোমধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন), সকল বিভাগীয় পরিচালক এবং সিভিল সার্জনদের নিকট প্রেরণ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত আগস্ট মাস পর্যন্ত মোট অনুমোদিত ১ লাখ ২৭ হাজার ১০১টি পদের মধ্যে প্রায় ৩৬ শতাংশ পদই শূন্য অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রথম থেকে নবম গ্রেডে প্রায় ৩ হাজার ২০০ জন চিকিৎসক ও দন্ত চিকিৎসক নিয়োগ দেওয়ার পরও ২৪ শতাংশ পদ এখনও খালি।
সবচেয়ে তীব্র জনবল সংকট দেখা গেছে ১১ থেকে ১৬তম গ্রেডে। এই শ্রেণিতে স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং মেডিকেল টেকনোলজিস্টের মোট ৫৬ হাজার ৯০৮টি অনুমোদিত পদের মধ্যে প্রায় ২০ হাজার ৯৯৫টি পদই খালি। অন্যদিকে, ১৭ থেকে ২০তম গ্রেডে থাকা ২৬ হাজার ২৯৫টি পদের বিপরীতে ১৩ হাজার ৯৪৫টি পদে কোনো লোকবল নেই।
সার্বিক বিষয় নিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এ এন এম বজলুর রশীদ জানিয়েছেন, মাঠ পর্যায়ের এই বৃহৎ শূন্য পদগুলো দ্রুততম সময়ে পূরণের জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রশাসনিক ও নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার জরুরি তাগিদ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত তথ্য ও দাপ্তরিক কাগজপত্র ইতোমধ্যে মাঠ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীকে মানসম্মত স্বাস্থ্যসেবার আওতায় আনতে আরও প্রায় ৫ হাজার নতুন চিকিৎসক নিয়োগের কার্যক্রমও জোরকদমে এগিয়ে নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)-এর মাধ্যমে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দিয়ে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদন গ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে।