ঈদের ছুটি শেষে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ণ
ঈদের ছুটি শেষে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির টানা ২৩ দিনের দীর্ঘ বিরতি শেষে আগামীকাল রবিবার (১৪ জুন) থেকে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক নিয়মে শুরু হবে।

আজ শনিবার (১৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী।

তিনি জানান, “পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোদমে শুরু হবে। সরকারি ছুটির দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাগুলো যথারীতি চালু ছিল। তবে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত বাস চলাচল, ক্লাস, পূর্বনির্ধারিত পরীক্ষা ও অন্যান্য সার্বিক দাপ্তরিক কার্যক্রম পূর্বের নিয়ম অনুযায়ী নিয়মিতভাবে পরিচালিত হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ক্যাম্পাস খোলার ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাস সংলগ্ন মেসগুলোতে ফিরতে শুরু করেছেন। দীর্ঘ ছুটি শেষে প্রিয় ক্যাম্পাসে ফেরার আমেজ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে।

বিএমএফ/সকালবেলা

মন্তব্য করুন