বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ণ
বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক সেবন ও বিক্রির অপরাধে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর এক আসামিকে আদালতের সাজা পরোয়ানা মূলে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

বীরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাটিয়া কুড়া এলাকায় মাদকদ্রব্য সেবন ও বিক্রয় হচ্ছে— এমন এক গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন মাদক কেনাবেচার সময় হাতেনাতে মো. সোবাহান ওরফে সাজ্জাদ হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। সে বীরগঞ্জ উপজেলার মাটিয়া কুড়া গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে।

পরবর্তীতে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দীপঙ্কর বর্মনের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়। মাদকবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় সোবাহানকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

এদিকে, একই দিনে বীরগঞ্জ থানা পুলিশের অপর একটি দল সিআর সাজা পরোয়ানা মূলে দীর্ঘদিন ধরে পলাতক থাকা অপর এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির নাম মো. রিয়াজুল ইসলাম। সে উপজেলার ঝাড়বাড়ী গ্রামের মো. অফিজ উদ্দীনের ছেলে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আজ তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযানের সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে বলেন, “উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই মাদকবিরোধী চিরুনি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন