বরগুনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ
বরগুনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মো. সোহেল রানা, বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার আয়লা ইউনিয়নের লেমুয়া এলাকা থেকে কনা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৩ জুন) সকালে তাঁর নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কনা বরগুনা সদর উপজেলার স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলামের কন্যা এবং সাইফুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর আড়ার সাথে কনার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এদিকে কনার এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যু নিয়ে স্থানীয় এলাকাবাসী ও স্বজনদের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এটি স্বেচ্ছায় আত্মহনন নাকি এর পেছনে অন্য কোনো পারিবারিক কলহ বা কারণ রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মরদেহ উদ্ধারের পর বরগুনা সদর থানা পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালবেলা-কে জানান, “আজ সকালে নিজ বাড়ি থেকে কনা নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে এবং ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পূর্বে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

এমএসআর/সকালবেলা

মন্তব্য করুন