কুষ্টিয়ায় ৬ হত্যা: আওয়ামী লীগ নেতা হানিফের বিরুদ্ধে পরবর্তী যুক্তিতর্ক ৭ জুন

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ণ
কুষ্টিয়ায় ৬ হত্যা: আওয়ামী লীগ নেতা হানিফের বিরুদ্ধে পরবর্তী যুক্তিতর্ক ৭ জুন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: জুলাই আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৭ জুন দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই নতুন তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর ফারুক আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১২ মে এই মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছিল রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ দাবি করে, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ অফিসের সামনে স্থানীয় আওয়ামী লীগ নেতা আজগর আলীর দেওয়া বক্তব্যের ভিত্তিতে এটি স্পষ্ট যে, তাদের নেতা হানিফের নির্দেশ ছিল যেকোনো মূল্যে আন্দোলন দমন করার। এই নির্দেশনা ও সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতাতেই কুষ্টিয়ায় পরিকল্পিত ও সমন্বিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়।

এই মামলায় তদন্ত কর্মকর্তাসহ এখন পর্যন্ত ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মামলার আসামি চারজনই বর্তমানে পলাতক রয়েছেন। হানিফ ছাড়া অন্য তিন আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

আসামিদের বিরুদ্ধে মূল অভিযোগ তিনটি। এগুলো হলো—আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে ‘আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ যথেষ্ট’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বৈঠকে উপস্থিত থেকে একমত পোষণ করা, ২৯ জুলাই কুষ্টিয়ায় একটি বৈঠক করে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ ও ষড়যন্ত্র করা এবং ছয়জনকে হত্যার সরাসরি অভিযোগ।

উল্লেখ্য, গত বছরের ৬ অক্টোবর এই মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এবং ২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়।

মন্তব্য করুন