সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ৫০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গ্রেফতারকৃত ওই নারী মাদক কারবারির নাম রেহেনা (৩৫)। তিনি রাজশাহী জেলার মোস্তফা হোসেনের স্ত্রী। 

আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে র‌্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১৮ মে) বেলা ১২টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী রোডের সিএনজি স্ট্যান্ডের সামনে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি চৌকস দল। এ সময় ওই নারী মাদক কারবারির গতিবিধি সন্দেহজনক মনে হলে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাঁর ভ্যানিটি ব্যাগ ও দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাঁর হেফাজত থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫০০ গ্রাম উচ্চমানের নিখাদ হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকা। পরে মাদক পরিবহনের দায়ে তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ জানান, “গ্রেফতারকৃত রেহেনা একজন পেশাদার মাদক সরবরাহকারী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী ও সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে হেরোইন সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করে আসছিল। মাদক চোরাচালানের মূল হোতাদের চিহ্নিত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত হেরোইন বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন