মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাবেচাকে কেন্দ্র করে মোঃ মুজাহিদ (৪০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকানে জুস কেনাকে কেন্দ্র করে মুজাহিদ ও বাইজিদ নামে এক যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাইজিদ ধারালো কাঁচি দিয়ে মুজাহিদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুজাহিদ স্থানীয় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালায় এবং তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় বাইজিদকে উদ্ধার করে আটক করে। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ.আই.এল/সকালবেলা