সুনামগঞ্জে হামের প্রাদুর্ভাব: চালু আইসোলেশন ওয়ার্ড

আমিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ণ
সুনামগঞ্জে হামের প্রাদুর্ভাব: চালু আইসোলেশন ওয়ার্ড

খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছে। 

বুধবার (৭ মে) দুপুরে সরেজমিন পরিদর্শনে শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই দেখা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ৯৪ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে ৭২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। মূলত ৫ বছর বা তার কম বয়সী শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা এবং টিকাদানের ঘাটতিকে এই প্রাদুর্ভাবের প্রধান কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।

সংক্রমণের ঝুঁকি কমাতে হাসপাতালের আটতলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, পরিস্থিতি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত আছেন এবং আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা অভিভাবকদের সতর্ক করে বলেছেন, শিশুর শরীরে জ্বর বা লালচে দানা দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে নিতে হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন