শুভ সরকার, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় রুচিয়া বেগম (৫৪) নামে এক নারীকে ৩৮ কেজি গাঁজাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে মৃত তরিকুল সরদারের বাড়ি থেকে তাঁর স্ত্রী রুচিয়া বেগমকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর ঘরে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ২০ হাজার টাকা।
আটক রুচিয়া বেগমের স্বীকারোক্তি অনুযায়ী, এই মাদক কারবারে তাঁর সহযোগী হিসেবে একই গ্রামের বিপুল সরদার (৩৯) জড়িত রয়েছেন, যিনি বর্তমানে পলাতক। আটক নারী ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা