আমিনুল ইসলাম (হিমেল), সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্যবাহী ও প্রাচীন নিদর্শনের অন্যতম একটি হচ্ছে ফুজাইরার আল বিদিয়া মাটির মসজিদ। ফুজাইরা শহর থেকে ৫০ কিলোমিটার উত্তরে আল বিদিয়া নামক স্থানে অবস্থিত এই মসজিদটি দেশটির উজ্জ্বল অতীতের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে। এটি ‘অটোমান (ওসমানীয়) মসজিদ’ নামেও পরিচিত।
প্রায় ৫৭৫ বছরের পুরনো এই মসজিদটি মাত্র ৫৩ বর্গমিটার আয়তন জুড়ে অবস্থিত। বড় ও ছোট আকারের পাথর এবং কাদা মাটি দিয়ে নির্মিত এই মসজিদের বিশেষত্ব হলো, এটি চারপাশের দেয়াল ছাড়াও মাত্র একটি মাটির পিলারের ওপর ভর করে দাঁড়িয়ে আছে। মসজিদের ছাদে চারটি ভিন্ন রকমের গোল গম্বুজ রয়েছে এবং ভেতরে দেয়ালের চারপাশে কোরআন রাখার জন্য বক্স করা আছে। মূল মসজিদে কোনো জানালা নেই, তবে আলো ও বাতাস চলাচলের জন্য ছোট ছোট কিছু ফাঁকা রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ১৯৯৭-৯৮ সালে এক অনুসন্ধানে জানা যায়, মসজিদটি ১৪৪৬ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে। তবে স্থানীয়ভাবে জনশ্রুতি রয়েছে যে, ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমানের (রা.) সময়ে আগত সাহাবারা পাহাড় কেটে এটি তৈরি করেছিলেন।
মসজিদটির সামনে একটি পানির কূপ এবং পেছনে পাহাড়ের ওপর দুটি প্রাচীন দুর্গ রয়েছে। বর্তমানে এখানে জুমার নামাজ না হলেও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়। ২০০৩ সালে দুবাই মিউনিসিপ্যালিটির অর্থায়নে মসজিদের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটকদের সুবিধার্থে অজুখানা, বিশ্রাম কক্ষ ও বাগান তৈরি করা হয়েছে। প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য পর্যটকের ভিড়ে মুখরিত থাকে এই প্রাচীন মসজিদ প্রাঙ্গণ।
এ.আই.এল/সকালবেলা