মনিরামপুরে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ণ
মনিরামপুরে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নে ঋণের বোঝা সইতে না পেরে ফিরোজ হোসেন (৩৫) নামের এক সৌদি ফেরত যুবক আত্মহত্যা করেছেন। 

রোববার (৩ মে) সন্ধ্যায় উপজেলার সাতনল মহলদারপাড়া গ্রামে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফিরোজ হোসেন ওই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে এবং তিন সন্তানের জনক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি আগে মাইক্রোবাস চালাতেন। পরবর্তীতে বিদেশ যাওয়ার আশায় নিজের গাড়ি বিক্রি করে এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে সৌদি আরবে পাড়ি জমান। কিন্তু সেখানে কাজ না পেয়ে কয়েক মাস আগে দেশে ফিরে আসেন এবং ঋণের কিস্তির চাপে মানসিকভাবে ভেঙে পড়েন।

রোববার সন্ধ্যায় পরিবারের অগোচরে ঘরের আড়ার সাথে ডিশ লাইনের তার পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁর স্ত্রী ও তিন সন্তানসহ পুরো পরিবার এখন চরম অনিশ্চয়তায় পড়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন