মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে ক্যাটরিনা

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ণ
মা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ক্যামেরার সামনে ধরা দিলেন বলিউড কুইন ক্যাটরিনা কাইফ। গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হওয়ার পর থেকে নিজেকে অনেকটা আড়ালেই রেখেছিলেন তিনি। মা হওয়ার প্রায় ছয় মাস পর স্বামী ভিকি কৌশলের হাত ধরে জনসমক্ষে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল চর্চা।

সম্প্রতি বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন এই তারকা দম্পতি। সেখানে ভিকি কৌশলকে দেখা যায় বাদামি রঙের জ্যাকেটে ক্যাজুয়াল লুকে। অন্যদিকে, ক্যাটরিনা কাইফ পরেছিলেন একটি কালো রঙের স্টাইলিশ ওভারকোট। মা হওয়ার পর তাঁর চেহারায় এক নতুন আভা এবং স্নিগ্ধতা লক্ষ্য করেছেন ভক্তরা। অভিনেত্রীর ফিটনেস দেখে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর নিচে একজন লিখেছেন, “তাঁকে দেখে মনেই হচ্ছে না যে তিনি নতুন মা হয়েছেন।”

২০২৫ সালের সেপ্টেম্বরে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তার মাধ্যমে নিজেদের জীবনের এই নতুন অধ্যায়ের ঘোষণা দিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। তারপর থেকেই ক্যাটরিনা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। দীর্ঘ বিরতি কাটিয়ে তাঁর এই ফেরা ভক্তদের মাঝে ব্যাপক আনন্দ সৃষ্টি করেছে।

সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-র একটি অনুষ্ঠানে নিজের তিন মাস বয়সী ছেলেকে নিয়ে কথা বলেছেন ভিকি কৌশল। নতুন বাবা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি রসিকতা করে বলেন, “এই বয়সের একটি শিশুর জন্য বাবার করার মতো খুব বেশি কাজ থাকে না। আমি শুধু ওকে উৎসাহিত করছি আর ওর বড় হওয়ার অপেক্ষায় আছি, যাতে ওর বেড়ে ওঠায় আরও বেশি অবদান রাখতে পারি।”

মা হওয়ার পর ক্যাটরিনার এই নতুন যাত্রা এবং তাঁর গ্ল্যামারাস লুক আবারও প্রমাণ করল যে, বিরতি নিলেও ভক্তদের হৃদয়ে তাঁর আবেদন বিন্দুমাত্র কমেনি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন