হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ণ
হাম ও উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু

সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আজ সোমবার (৪ মে ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বর্তমান পরিস্থিতির একটি চিত্র নিচে তুলে ধরা হলো (১৫ মার্চ থেকে ৪ মে ২০২৬ পর্যন্ত):

  • মোট সন্দেহজনক রোগী: ৪১,৭৯৩ জন (গত ২৪ ঘণ্টায় ১,৩০২ জন)।

  • নিশ্চিত হাম রোগী: ৫,৪৬৭ জন (গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন)।

  • হাসপাতালে ভর্তি: ২৮,৮৪২ জন।

  • সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন: ২৫,১৫১ জন।

গত ২৪ ঘণ্টায় যে ১৭ জন মারা গেছেন, তাদের মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ১৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫২ জন এবং সন্দেহজনক হামে ২৫৯ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১১ জনে

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। হঠাৎ উচ্চ তাপমাত্রা, শরীরে লালচে দানা বা র‍্যাশ, চোখ লাল হওয়া এবং সর্দি-কাশি দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি জোরদার করা হলেও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন