তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বড় পরাজয়, বাজিমাত থালাপতি বিজয়ের

রাকিবুল হাসান
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ণ
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বড় পরাজয়, বাজিমাত থালাপতি বিজয়ের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী ও ডিএমকে (DMK) প্রধান এমকে স্টালিন। সোমবার (৪ মে ২০২৬) ভোট গণনার সর্বশেষ ফলাফলে দেখা গেছে, তিনি তার দীর্ঘদিনের পরিচিত ও নিজের নিরাপদ দুর্গ হিসেবে পরিচিত কোলাথুর আসনেই পরাজিত হয়েছেন।

মুখ্যমন্ত্রী এমকে স্টালিনকে তার নিজ আসনে পরাজিত করেছেন অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)-এর প্রার্থী ভিএস বাবু। স্টালিন এবার শুধুমাত্র কোলাথুর আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ফলে এই পরাজয়ের মাধ্যমে বিধানসভায় তার উপস্থিতি আপাতত শেষ হলো।

 তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার হলো ১১৮। বর্তমান ট্রেন্ড অনুযায়ী, থালাপতি বিজয়ের দল একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। যদি শেষ পর্যন্ত সংখ্যা গরিষ্ঠতা সামান্য কম থাকে, তবে জোট গঠন করে সরকার পরিচালনা করবেন বিজয়। অন্যদিকে, গত বারের বিশাল জয়ী ডিএমকে এবার চরম ভরাডুবির শিকার হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এমকে স্টালিনের সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া এবং থালাপতি বিজয়ের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ‘টিভিকে’ যে নতুন রাজনৈতিক বিকল্প প্রস্তাব করেছে, তা রাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম লুফে নিয়েছে। অভিনেতা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী হওয়ার যে তামিল ঐতিহ্য, বিজয় সেই পথে এক বিশাল ধাপ এগিয়ে গেলেন।

বিকেল গড়ানোর সাথে সাথে চেন্নাইসহ পুরো রাজ্যে টিভিকে সমর্থকদের আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, যা তামিলনাড়ুর ইতিহাসে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে।


মন্তব্য করুন