টেকনাফে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ণ
টেকনাফে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকার একটি ইটভাটায় অভিযান চালানো হয়। তল্লাশিকালে মাটির নিচে পুঁতে রাখা ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। এ সময় সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

একই দিনে পৃথক অভিযানে হ্নীলা এলাকা থেকে নুর কবির নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়েছে, যার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদক, আগ্নেয়াস্ত্র এবং আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন