হাঁটুর ব্যথা: হাঁটলে নয়, সিঁড়িতে কেন বেশি কষ্ট হয়

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ণ
হাঁটুর ব্যথা: হাঁটলে নয়, সিঁড়িতে কেন বেশি কষ্ট হয়

লাইফস্টাইল ডেস্ক: সমতলে হাঁটার সময় হাঁটুর ব্যথা তেমন অনুভূত না হলেও সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলেই অনেকের প্রাণ ওষ্ঠাগত হয়। বিশেষ করে আর্থ্রাইটিস বা হাড়ের ক্ষয়জনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য সিঁড়ি যেন এক আতঙ্কের নাম। চিকিৎসাবিজ্ঞানের আলোকে এই সমস্যার মূল কারণগুলো উঠে এসেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে।

বিশেষজ্ঞদের মতে, সমতলে হাঁটার সময় শরীরের ওজন হাঁটুতে যেভাবে পড়ে, সিঁড়ি ভাঙার সময় তার চেয়ে কয়েকগুণ বেশি চাপ সৃষ্টি হয়। এই অতিরিক্ত চাপই ব্যথার প্রধান কারণ।

অনেকের হাঁটুর সামনে থাকা ছোট হাড় বা ‘মালাইচাকি’ (প্যাটেলা)-তে সমস্যা থাকে। একে চিকিৎসাবিজ্ঞানে ‘প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোম’ বলা হয়। সিঁড়ি ওঠানামার সময় এই মালাইচাকির ওপর সরাসরি চাপ পড়ে, ফলে তীব্র ব্যথা অনুভূত হয়।

হাঁটুর জয়েন্টে কুশনের মতো কাজ করে কার্টিলেজ। এটি হাড়ের মধ্যে ঘর্ষণ কমায়। বয়সজনিত কারণে বা আঘাতের ফলে এই কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হলে হাড়ের সাথে হাড়ের সরাসরি ঘর্ষণ লাগে। শরীর এই ক্ষয় পূরণে অতিরিক্ত হাড় (অস্টিওফাইটিক গ্রোথ) তৈরি করে, যা সিঁড়ি ব্যবহারের সময় প্রচণ্ড যন্ত্রণার সৃষ্টি করে।

  • তরুণ প্রজন্ম: দীর্ঘক্ষণ বসে থাকা, ভুল পদ্ধতিতে জিম বা অতিরিক্ত ব্যায়ামের কারণে তরুণদের মধ্যে এই সমস্যা বাড়ছে।

  • বয়স্ক ব্যক্তি: অস্টিওআর্থ্রাইটিস, হাড় ক্ষয় এবং হাড়ের নমনীয়তা কমে যাওয়া।

  • অতিরিক্ত ওজন: শরীরের বাড়তি ওজন হাঁটুর জয়েন্টের ওপর অস্বাভাবিক চাপ তৈরি করে।

চিকিৎসকদের মতে, হাঁটুর স্বাস্থ্য ভালো রাখতে কিছু নিয়ম মেনে চলা জরুরি: ১. শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা। ২. নিয়মিত হালকা ব্যায়াম ও স্ট্রেচিং করা। ৩. দীর্ঘসময় এক জায়গায় পা ঝুলিয়ে বা ভাজ করে বসে না থাকা। ৪. সিঁড়ি ব্যবহারের সময় তাড়াহুড়ো না করা এবং প্রয়োজনে রেলিংয়ের সাহায্য নেওয়া।

হাঁটুর ব্যথা অবহেলা না করে প্রাথমিক পর্যায়েই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, যাতে দীর্ঘমেয়াদী জটিলতা এড়ানো যায়।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন