গজারিয়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ
গজারিয়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

মোঃ দুলাল সরকার: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মাদকবিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৪ মে ২০২৬) সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয় ও মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ লুৎফর রহমান এবং রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোঃ আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সানজিদা শাহনাজ।

ড. মোঃ আতাউর রহমান তাঁর বক্তব্যে মাদককে একটি নীরব ঘাতক হিসেবে উল্লেখ করে তরুণ সমাজকে এ থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সচেতন করা এবং সম্মিলিত প্রচেষ্টা ছাড়া মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন যে, একজন শিক্ষিত মানুষ মাদক থেকে দূরে থাকে—এই বিশ্বাস সমাজে ছড়িয়ে দিতে হবে।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের উদ্যোগ মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব বাংলাদেশ গড়তে সহায়ক হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন