শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি দোকান মালিক সমিতির

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ণ
শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি দোকান মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে শপিংমল ও বিপণিবিতানসমূহ বন্ধের সময়সীমা রাত ৯টা পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি। বর্তমানের সন্ধ্যা ৭টার পরিবর্তে এই সময়সীমা বর্ধিত করার অনুরোধ জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সংগঠনটি।

সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। দেশের সংস্কৃতি অনুযায়ী ক্রেতারা সাধারণত অফিস শেষে সন্ধ্যার পরই কেনাকাটা করতে পছন্দ করেন। নির্ধারিত সময়ের আগে শপিংমল বন্ধ হওয়ায় বিক্রি আশঙ্কাজনক হারে কমে গেছে, যা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে ব্যবসায়ীরা একটি বিকল্প প্রস্তাব দিয়েছেন। তারা জানান, দোকান খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা নির্ধারণ করা যেতে পারে। এতে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনি ক্রেতারা সন্ধ্যার পর পর্যাপ্ত সময় কেনাকাটার সুযোগ পাবেন। চিঠিতে আরও অভিযোগ করা হয় যে, নিয়মতান্ত্রিক শপিংমলগুলো বন্ধ থাকলেও ভ্রাম্যমাণ ভ্যানগুলো অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ব্যবসা চালিয়ে যাচ্ছে, যা একটি অসুস্থ প্রতিযোগিতার সৃষ্টি করছে।

ব্যবসায়ী নেতারা দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং সাধারণ জনগণের উৎসবকালীন কেনাকাটার কথা বিবেচনা করে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণে মন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন