দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাকিবুল হাসান
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৪ অপরাহ্ণ
দীর্ঘ ২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২২ বছর পর আগামী ১৬ মে নিজ জেলা চাঁদপুরে সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে গোটা চাঁদপুর জেলায় ব্যাপক সাজ সাজ রব ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সবশেষ ২০০৪ সালে তারেক রহমান যখন চাঁদপুর এসেছিলেন, তখন তিনি ছিলেন দলের একজন নিবেদিত কর্মী। আর দীর্ঘ সময় পর এখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে আসছেন, যা চাঁদপুরবাসীর জন্য অত্যন্ত গর্ব ও আবেগের বিষয়।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে চাঁদপুরের জন্য রয়েছে একগুচ্ছ উন্নয়নের সওগাত। সফরকালে তিনি যেসব কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন। চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন। ঘোষেরহাট এলাকায় বিশেষ খাল খনন প্রকল্পের শুভ উদ্বোধন। নিম্ন আয়ের মানুষের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম। সুধী সমাবেশ ও চাঁদপুর স্টেডিয়ামে এক বিশাল জনসভায় ভাষণ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই জনসভায় ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে। জনসভা সফল করতে ইতিমধ্যে জেলা প্রশাসনের কর্মকর্তারা ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সম্ভাব্য বিভিন্ন ভেন্যু ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে প্রচার-প্রচারণা এবং প্রস্তুতি সভা জোরদার করা হয়েছে।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “তারেক রহমানের এই সফর আমাদের জন্য নতুন আশার সঞ্চার করেছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সব প্রস্তুতি সম্পন্ন করছি এবং এই ঐতিহাসিক সফর সফল করতে চাঁদপুরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিশ্চিত করতে কাজ শুরু হয়েছে। ২২ বছর পর প্রিয় নেতার সরাসরি আগমনে চাঁদপুর এখন বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক জাগরণের অপেক্ষায়।

মন্তব্য করুন