মদনে ৩৩ কোটির ধান পানির নিচে

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ
মদনে ৩৩ কোটির ধান পানির নিচে

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে প্রায় ৪ হাজার হেক্টর বোরো ধানের জমি। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার অন্তত ৯ হাজার কৃষক। কৃষি অফিসের প্রাথমিক তথ্যমতে, এবারের এই দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৩ কোটি টাকা।

টানা কয়েক দিনের বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার বিভিন্ন হাওরের ৩ হাজার ৮৫০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে অনেকেই ঋণে জর্জরিত। কাইটাইল ইউনিয়নের কৃষক মজু মিয়া ও বর্গাচাষী আনোয়ার জানান, চোখের সামনে পাকা ধান তলিয়ে যাওয়ায় সারা বছরের খাবার ও ঋণের টাকা পরিশোধ নিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন।

একদিকে জমি তলিয়ে যাওয়া, অন্যদিকে রোদ না থাকায় কেটে আনা ধান শুকাতে পারছেন না কৃষকরা। গত পাঁচ দিন ধরে ভিজে থাকা ধান খলা, বাড়ির উঠান ও স্কুল মাঠে স্তূপ করে রাখা হয়েছে। রোদ না থাকায় অনেক ধানে 'গ্যাজ' বা অঙ্কুর এসে গেছে। ফলে ধানের মান নষ্ট হচ্ছে এবং বাজারে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা।

উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান জানান, এ বছর মদনে ১৭ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এর মধ্যে ৩ হাজার ৮৫০ হেক্টর জমির ধান ঢলের পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ৮ হাজার ৪৭০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার আর্থিক মূল্যমান প্রায় ৩৩ কোটি টাকা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন