দ্য হান্ড্রেডে ২১ ছক্কায় ২৪১ রানের বিশ্বরেকর্ড গড়ে সানরাইজার্সের জয়
স্পোর্টস ডেস্ক: ১০০ বলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর মঞ্চে এক অলৌকিক ব্যাটিং তাণ্ডব চালিয় রেকর্ডবই নতুন করে লিখল সানরাইজার্স লিডস। মিচেল মার্শ, রায়ান রিকেলটন ও হ্যারি ব্রুকের ছক্কার বৃষ্টিতে সাজানো বিস্ফোরক ইনিংসে ভর করে লন্ডন স্পিরিটকে ৩৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০০ বলে মাত্র ২ উইকেট হারিয়ে ২৪১ রানের বিশাল পাহাড় গড়ে সানরাইজার্স লিডস। ১০০ বলের এই টুর্নামেন্টের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এর আগে সর্বোচ্চ স্কোরের রেকর্ডটি ছিল ওভাল ইনভিন্সিবলসের দখলে, তারা করেছিল ২২৬ রান।
ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন সানরাইজার্সের দুই উদ্বোধনী ব্যাটার মিচেল মার্শ ও রায়ান রিকেলটন। উদ্বোধনী জুটিতে মাত্র ৬৫ বলে ১৪৮ রান যোগ করেন তাঁরা, যা দ্য হান্ড্রেডে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের নতুন জুটির রেকর্ড। মার্শ ৩৭ বলে ৭টি ছক্কায় ৭৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেও তাণ্ডব থামেনি।
মার্শের বিদায়ের পর উইকেটে এসে দলের গতি আরও বাড়িয়ে দেন হ্যারি ব্রুক ও অপরাজিত থাকা রিকেলটন। রিকেলটন ৪২ বলে ৮টি ওভারবাউন্ডারিসহ ৯৪ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে, ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক খেলেছেন ১৮ বলে ৫৫ রানের বিধ্বংসী এক ক্যামিও। এর মধ্যে মাত্র ১৫ বলে ফিফটি স্পর্শ করে দ্য হান্ড্রেডের দ্রুততম ফিফটির রেকর্ডে ভাগ বসান তিনি।
সানরাইজার্স লিডসের ব্যাটাররা পুরো ইনিংসে মোট ২১টি ছক্কা হাঁকান, যা টুর্নামেন্টটিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন নজির। এছাড়া ৫০ বল শেষে তাদের ঝুলিতে জমেছিল ১১৯ রান, যা টুর্নামেন্টের নতুন অর্ধ-ইনিংস রেকর্ড।
২৪২ রানের বিশাল ও অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লন্ডন স্পিরিট। প্রথম দুই ব্যাটার দ্রুত বিদায় নিলেও দলের আশা জাগিয়েছিলেন অধিনায়ক লিয়াম লিভিংস্টোন (১৩ বলে ৩৪) এবং ডেওয়াল্ড ব্রেভিস (২১ বলে ৩৮)। তবে মাঝপথে মাত্র ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি। শেষ দিকে ডেভিড উইলির ৪৬ বলে অপরাজিত ৮৩ এবং জেমি ওভারটনের ১৫ বলে ২৭ রানের ইনিংসের সুবাদে ৮ উইকেটে ২০৪ রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় লন্ডন স্পিরিট।
রোমাঞ্চকর এই ম্যাচে দুই দল মিলে সর্বমোট ৪৪৫ রান সংগ্রহ করেছে, যা ১০০ বলের ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রানের যৌথ রেকর্ড। একইসঙ্গে পুরো ম্যাচে দুই দলের ব্যাটারদের ব্যাট থেকে আসা মোট ৩১টি ছক্কাও দ্য হান্ড্রেডের এক ম্যাচের নতুন মাইলফলক।
|