এমবাপ্পেকে ছাড়িয়ে গোল্ডেন বুটের শীর্ষে মেসি
ক্রীড়া ডেস্ক:২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন শিরোপার পাশাপাশি চরম উত্তেজনাপূর্ণ রূপ নিয়েছে ব্যক্তিগত সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ের রেস। সেমিফাইনালের মহারণে ইংল্যান্ডের বিপক্ষে নিজ নাম স্কোরবোর্ডে তুলতে না পারলেও দলের ২-১ গোলের মহাকাব্যিক জয়ে মূল কারিগরের ভূমিকা পালন করেছেন লিওনেল মেসি।
আটলান্টার মাঠে জোড়া জাদুকরী পাস বা অ্যাসিস্টের মাধ্যমে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের একক শীর্ষস্থানে উঠে গেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
ফিফার নিয়মানুযায়ী, টুর্নামেন্ট শেষে একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার বা গোল্ডেন বুট নির্ধারণে অ্যাসিস্টের (গোল করানোর সংখ্যা) হিসাব বিবেচনায় নেওয়া হয়।
চলতি বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি— দুজনেই করেছেন সমান ৮টি করে গোল। তবে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করার ফলে এই বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ৪টিতে। অন্যদিকে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পের নামের পাশে রয়েছে ৩টি অ্যাসিস্ট। ফলে গোল সমান হলেও মাত্র ১টি অতিরিক্ত অ্যাসিস্টের ব্যবধানে এমবাপ্পেকে টপকে গোল্ডেন বুটের তালিকায় ১ নম্বরে বসেছেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক।
ফিফার গোল্ডেন বুট তালিকার শীর্ষ ছয়ের বর্তমান অবস্থা তুলে ধরা হলো:
১. লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ গোল, ৪ অ্যাসিস্ট
২. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ৮ গোল, ৩ অ্যাসিস্ট
৩. আর্লিং হলান্ড (নরওয়ে): ৭ গোল (টুর্নামেন্ট থেকে বিদায়)
৪. জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড): ৬ গোল
৫. হ্যারি কেইন (ইংল্যান্ড): ৬ গোল
৬. উসমান দেম্বেলে (ফ্রান্স): ৫ গোল, ২ অ্যাসিস্ট
৭. মিকেল ওইয়ারসাবাল (স্পেন): ৫ গোল, ১ অ্যাসিস্ট
তালিকার তিনে থাকা নরওয়ের আর্লিং হল্যান্ডের বিশ্বকাপ অভিযান অনেক আগেই শেষ হলেও বাকি ছয় তারকা ফুটবলারের সামনে এখনও অন্তত একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে।
আগামী শনিবার ৩য় স্থান নির্ধারণী খেলায় ব্রোঞ্জ মেডেলের লড়াইয়ে মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এবং জুড বেলিংহ্যাম-হ্যারি কেইনের ইংল্যান্ড। আর আগামী রবিবার (১৯ জুলাই) কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকবে মেগা ফাইনালে, যেখানে ট্রফি ধরে রাখার যুদ্ধে লুইস দে লা ফুয়েন্তের শক্তিশালী স্পেনের বিরুদ্ধে মাঠে নামবেন লিওনেল মেসির আর্জেন্টিনা।
শনিবার ও রবিবারের এই শেষ ম্যাচ দুটির পারফরম্যান্সই চূড়ান্তভাবে নির্ধারণ করে দেবে— কার হাতে উঠতে যাচ্ছে ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের কাঙ্ক্ষিত ‘সোনার বুট’। তবে ফাইনালের মহারণে নামার আগে টাইব্রেকার সমীকরণে ফরাসি রাজপুত্র এমবাপ্পের চেয়ে নিশ্চিতভাবেই একধাপ এগিয়ে থেকে মনস্তাত্ত্বিক স্বস্তিতে থাকবেন এলএমটেন।
|