কেশবপুরে শিশু ধর্ষণের অভিযোগে জয়ন্ত বিশ্বাস গ্রেপ্তার
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ৯ বছর বয়সী এক শিশুকে ফুঁসলিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এই অভিযোগে জয়ন্ত বিশ্বাস (১৮) নামের এক লম্পট যুবককে দ্রুত গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার সাগরদাঁড়ি গ্রামের মালোপাড়ায় এই ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত জয়ন্ত বিশ্বাস সাগরদাঁড়ি গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে। এই ঘটনার পর ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সাগরদাঁড়ি মালোপাড়া এলাকার স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটি জয়ন্ত বিশ্বাসের বাড়িতে টেলিভিশন দেখতে আসে। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুবাদে এবং নির্জনতার সুযোগ নিয়ে শিশুটিকে ফুঁসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বখাটে জয়ন্ত।
ধর্ষণের শিকার শিশুটি কোনোমতে তাঁর নিজ বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে এবং পরিবারের লোকজনের কাছে জয়ন্তের এই পাশবিকতার কথা খুলে বলে। ঘটনাটি শোনার পরপরই পরিবারের সদস্যরা দ্রুত থানা পুলিশকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে কেশবপুর থানা ও স্থানীয় ফাঁড়ি পুলিশের একটি বিশেষ টিম সাগরদাঁড়ি এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অভিযুক্ত জয়ন্ত বিশ্বাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উপজেলার চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন শিশু ধর্ষণের অভিযোগে জয়ন্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগী শিশু মেয়েটিকে বর্তমানে ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।”
এআইএল/সকালবেলা