দাগনভূঞায় তালাবদ্ধ ঘর থেকে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
দাগনভূঞায় তালাবদ্ধ ঘর থেকে কাঠমিস্ত্রির লাশ উদ্ধার

এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় জসিম উদ্দিন (৩৮) নামে এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্দরপুর গ্রামের একটি তালাবদ্ধ ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। (উল্লেখ্য, প্রেরিত সংবাদের শিরোনামে রাজমিস্ত্রি উল্লেখ থাকলেও বিবরণী অনুযায়ী নিহত ব্যক্তি একজন কাঠমিস্ত্রি)।

নিহত জসিম উদ্দিন নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জসিম উদ্দিন দীর্ঘ ৪ বছর ধরে দাগনভূঞার সেকান্দরপুর গ্রামে ‘এমবিএম দরজা গ্যালারি ও ফার্নিচার’ দোকানে মিস্ত্রি হিসেবে কাজ করে আসছিলেন এবং তিনি ওই দোকানেই রাত্রিযাপন করতেন। রবিবার সকালে দীর্ঘ সময় পার হলেও ভেতর থেকে দোকানের দরজা বন্ধ দেখে স্থানীয় লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে তারা দাগনভূঞা থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ ঘর থেকে জসিম উদ্দিনের নিথর দেহ উদ্ধার করে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন রিপোর্ট আসার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ.আই.এল/সকালবেলা