গর্ভবতী তরুণী হত্যা: পরকীয়া প্রেমিকের মৃত্যুদণ্ড
আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জে এক গর্ভবতী নারী ও তাঁর গর্ভজাত সন্তানকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যার দায়ে প্রেমিক মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বহুল আলোচিত এ মামলার রায়ে আদালত ঘটনাটিকে ‘নির্মম ও ন্যক্কারজনক’ হিসেবে উল্লেখ করেন। আজ সোমবার (১৮ মে) দুপুরে এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মাসুদ মিয়া পীরগঞ্জ উপজেলার মোনাইল গ্রামের সাহেব মিয়ার ছেলে। আদালত সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় (গার্মেন্টস) চাকরির সময় পাবনার চাটমোহর এলাকার শান্তনা খাতুনের সঙ্গে মাসুদ মিয়ার পরিচয় হয়। শুরুতে তাঁরা পরস্পরকে ‘দুলাভাই’ ও ‘শালী’ বলে সম্বোধন করলেও একপর্যায়ে তাঁদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিবাহিত মাসুদ মিয়া নিজের প্রথম স্ত্রীর কথা গোপন রেখে শান্তনার সাথে স্বামী-স্ত্রীর পরিচয়ে ঢাকার একটি ভাড়া বাসায় একসঙ্গে বসবাস শুরু করেন।
শারীরিক সম্পর্কের একপর্যায়ে শান্তনা খাতুন গর্ভবতী হয়ে পড়েন। এরপর তিনি মাসুদকে সামাজিকভাবে বিয়ের জন্য উপর্যুপরি চাপ দিতে থাকেন। কিন্তু ধূর্ত মাসুদ বিষয়টি ধামাচাপা দিতে কৌশলে আশুলিয়া থেকে চাকরি ছেড়ে স্ত্রী-সন্তানসহ পীরগঞ্জের নিজ গ্রামে চলে আসেন। পরবর্তীতে শান্তনা খাতুন নিরুপায় হয়ে প্রেমিক মাসুদের খোঁজে পীরগঞ্জে এসে হাজির হন এবং স্থানীয়দের সামনে নিজেকে মাসুদের বৈধ স্ত্রী দাবি করেন। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরিস্থিতি বেগতিক দেখে ঘটনার আগের দিন এলাকায় একটি স্থানীয় সালিশ বৈঠক বসে। সেখানে শান্তনা খাতুন বিয়ের দাবি জানিয়ে অন্যথায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার হুঁশিয়ারি দেন। বৈঠকে সমাজপতিদের চাপে মাসুদ তাকে বিয়ের আশ্বাস দিলেও ভেতরে ভেতরে হত্যার নীল নকশা আঁকেন। পরদিন বিয়ের নাম করে শান্তনাকে কৌশলে ডেকে নিয়ে যাওয়া হয় পাশের একটি নির্জন আখ ক্ষেতে। সেখানে শান্তনাকে মাটিতে ফেলে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যা করেন মাসুদ। হত্যার সময় শান্তনা অন্তসত্ত্বা থাকায় তাঁর গর্ভের সন্তানও মারা যায় এবং জরায়ু ফেটে একটি মৃত কন্যাশিশুর জন্ম হয়।
পরবর্তীতে ২০২৩ সালের ১৫ জুলাই পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের গাজী খাঁ এলাকার একটি আখ ক্ষেত থেকে অর্ধগলিত অবস্থায় এক নারী ও নবজাতক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। তখন পরিচয় শনাক্ত না হওয়ায় পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে পিবিআই ও থানা পুলিশের নিবিড় তদন্তে এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে মাসুদের সম্পৃক্ততা বেরিয়ে আসে এবং তাকে গ্রেফতার করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষ ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও ডিএনএ পরীক্ষার প্রমাণ উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষে মামলাটি সফলভাবে পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আফতাব উদ্দিন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সুলতান আহম্মেদ শাহীন।
রায়ের বিষয়ে সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর (ইনচার্জ) মো. আমিনুল ইসলাম বলেন, “রাষ্ট্রপক্ষ নিরেট তথ্য ও সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে এই জঘন্য হত্যাকাণ্ডের ঘটনাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির সবকিছু পর্যালোচনা করে আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন। গর্ভবতী নারী ও গর্ভজাত নিষ্পাপ সন্তান হত্যার মতো নৃশংস অপরাধের বিরুদ্ধে এ রায় সমাজে একটি যুগান্তকারী বার্তা দেবে।”
এ.আই.এল/সকালবেলা