তিস্তায় বিলীন বসতভিটা, আতঙ্কে শতাধিক পরিবার
হাবিবুল্লাহ্ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: বর্ষার শুরুতেই গাইবান্ধায় ফের ভয়াল রূপ ধারণ করেছে তিস্তা নদী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর তীব্র স্রোতের তোড়ে সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের শখের বাজার ও কালির খামার এলাকায় শুরু হয়েছে ভয়াবহ নদীভাঙন। মওলানা ভাসানী তিস্তা সেতু সড়ক থেকে মাত্র একশ মিটার পূর্বে গত পাঁচ-ছয় দিন ধরে একের পর এক বসতভিটা, ফলজ গাছপালা, বাঁশঝাড়, ভুট্টাখেত আর শাকসবজির জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। চোখের সামনে নিজের সবকিছু শেষ হতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন শতাধিক পরিবার।
সরেজমিনে ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। কেউ ঘরের টিন খুলে মাথায় করে নিয়ে যাচ্ছেন, কেউ তাড়াহুড়ো করে বাঁশের বেড়া কেটে সরাচ্ছেন। কারো হাতে দরজা-জানালা, কেউবা গৃহপালিত গরু-ছাগল নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন অজানার পথে। শিশুদের কান্না, বৃদ্ধদের নীরব দীর্ঘশ্বাস আর নারীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে তিস্তাতীরের বাতাস।
ইতোমধ্যে নিঃস্ব হয়ে পড়েছেন ফজলু মিয়া, আলম মিয়া, হাফিজার রহমান, আশেক আলী, বাবলু মিয়া, মঞ্জু মিয়া, খলিল মিয়া, আকবার আলী এবং বিধবা রহিমা বেগমসহ বহু পরিবার। পঁয়ষট্টি বছর বয়সী স্বামীহারা রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আগেও একবার নদীভাঙনে সব হারাইছি। পরে আবার কোনোরকমে ঘর তুলছিলাম। এখন সেই ঘরও নদীতে যাইতেছে। আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই।" চারবার ভাঙনের শিকার আবুল কালাম বলেন, "অনেক কষ্টে বাঁধের ওপর ধার-দেনা করে ঘর তুলছিলাম। এখন আবার ভাঙন ঘরের কাছে চলে আসছে। পরিবার নিয়ে কোথায় যামু বুঝতেছি না।"
ভিটামাটি হারানো পরিবারগুলোর একটি বড় অংশ এখন খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। কেউ আত্মীয়ের বাড়িতে ঠাঁই নিয়েছেন, কেউবা রাস্তার পাশে বা বাঁধের ওপর পলিথিন টানিয়ে অস্থায়ী আশ্রয় বানিয়েছেন। তীব্র গরম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খাবারের সংকট, বিশুদ্ধ পানির অভাব আর স্যানিটেশন সমস্যা মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। ভাঙন পরিস্থিতি দেখতে গিয়ে হঠাৎ তীরের মাটি ধসে নদীর তীব্র স্রোতে তলিয়ে যান স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম। পরে উপস্থিত স্থানীয়রা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অলৌকিকভাবে তাঁকে জীবিত উদ্ধার করেন। এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক আরও চরম আকার ধারণ করেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, তিস্তার ভাঙনে গত এক দশকে গাইবান্ধা ও লালমনিরহাট জেলায় হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে। কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার বলেন, "ভাঙনকবলিত এলাকায় এখনো পর্যাপ্ত সরকারি ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়েছে এবং আপদকালীন ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।" সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, "ভাঙনপীড়িত মানুষের জন্য দ্রুত ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। তাঁদের পুনর্বাসনের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"
ভাঙন এলাকা সরেজমিন পরিদর্শন শেষে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান বলেন, "জরুরি ভিত্তিতে দ্রুত জিও ব্যাগ ফেলা না হলে শত শত ঘরবাড়ি ও ফসলি জমি আরও বিলীন হয়ে যাবে। তিস্তাপাড়ের মানুষ বছরের পর বছর ভাঙনের শিকার হচ্ছেন। এই চিরস্থায়ী জনদুর্ভোগের দুষ্টচক্র ভাঙতে হলে সরকারকে দ্রুত ও টেকসই মহাপরিকল্পনা নিতে হবে।"
নদীপাড়ের ভুক্তভোগী মানুষের অভিযোগ, প্রতিবছর বর্ষায় ভাঙন শুরু হলে প্রশাসনের সাময়িক কিছু তৎপরতা দেখা গেলেও স্থায়ী কোনো টেকসই পদক্ষেপ নেওয়া হয় না। ভারতের সঙ্গে তিস্তা নদী চুক্তি দীর্ঘ বছর ধরে ঝুলে থাকায় এবং সীমান্ত নদীগুলোর সঠিক হিস্যা ও ড্রেজিং না হওয়ায় প্রতিবছর রহিমা বেগম ও আবুল কালামদের মতো হাজারো মানুষের দীর্ঘশ্বাস আর চোখের জল থামছেই না।
এআইএল/সকালবেলা