কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের আঘাতে যুবক নিহত

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ণ
কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের আঘাতে যুবক নিহত

মো. বাপ্পি শেখ, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবুর রহমান নামের এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার মল্লিকপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি দোকানে গিয়ে খাবার চান তবিবুর রহমান। খাবার না পেয়ে দোকানি হাসিনা বেগমকে লাঠি দিয়ে আঘাত করে তিনি মাঠের দিকে চলে যান। পরে তবিবুরের চাচাতো ভাই শাকিল হোসেন মাঠে গিয়ে তাঁকে ধাওয়া করলে একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় শাকিল ধারালো অস্ত্র দিয়ে তবিবুরের বুকের নিচে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর থেকে অভিযুক্ত শাকিল হোসেন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা