নলডাঙ্গায় ট্রাকচাপায় ভাঙারি ব্যবসায়ী নিহত
মোল্লা মো. আরিফুল ইসলাম, নাটোর: নাটোরের নলডাঙ্গায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় খেজমত আলী নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় রফিকুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার পিপরুল ইউনিয়নের আঁচড়াখালি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিহতের লাশ উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত খেজমত আলী ও আহত রফিকুল ইসলাম পেশায় ভাঙারি ব্যবসায়ী ছিলেন। আজ দুপুরে বিভিন্ন এলাকা থেকে ভাঙারি মালামাল সংগ্রহ করে একটি ভ্যানে বোঝাই করে তাঁরা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভ্যানটি পিপরুল ইউনিয়নের আঁচড়াখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক সরাসরি তাঁদের ভ্যানটিকে সজোরে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক খেজমত আলীর মৃত্যু হয় এবং ভ্যানে থাকা রফিকুল ইসলাম ছিটকে পড়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় রফিকুল ইসলামকে উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সাথে উত্তেজিত জনতার হাতে আটকে থাকা ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই সুকৌশলে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
নলডাঙ্গা থানা পুলিশ আরও জানিয়েছে, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এআইএল/সকালবেলা