বিআরটিসিতে চমক, প্রস্তুত একুশ জেলার বাস
সাঈদ পান্থ, বরিশাল: বরাবরের মতো এবারও পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহায় রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাড়ির টানে স্বজনদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে দক্ষিণের জনপদে ফিরবেন কয়েক লাখ কর্মব্যস্ত মানুষ। ঘরমুখো এই বিপুলসংখ্যক মানুষকে বরণ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবহন মালিক ও শ্রমিক সংশ্লিষ্ট দপ্তর। ২১ জেলার মানুষের ঈদযাত্রায় সময় বাঁচাতে প্রথম পছন্দ সড়ক পথ। তাই এই পথকে নিরাপদ, সহজ ও আরামদায়ক করতে ইতোমধ্যে মাঠে নেমেছে বিআরটিএ, জেলা ও পুলিশ প্রশাসন।
ঈদযাত্রাকে কেন্দ্র করে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে প্রস্তুত রাখা হয়েছে বিভিন্ন কোম্পানির কয়েকশত বাস। একই সাথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে নির্বিঘ্নে চলাচলের জন্য পুরনো বাসগুলো মেরামত করে সম্পূর্ণ সচল করা হচ্ছে। কাউন্টারগুলোতে যাত্রীদের সুবিধার্থে সরকারি বাস ভাড়ার তালিকা ঝুলিয়ে দিয়েছে বিআরটিএ।
বরিশাল বিআরটিএ-এর পরিচালক মো. জিয়াউর রহমান জানান, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এবং সড়ক নিরাপত্তায় আজ থেকে বরিশাল বিভাগে সরাসরি ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করবেন।
এবার দক্ষিণাঞ্চলের ঈদযাত্রায় নতুন চমক নিয়ে এসেছে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি বাস সার্ভিস। বিআরটিসি বরিশাল বাস ডিপো থেকে ১৫টি রুটে মোট ৫৫টি বাস সরাসরি সরকার নির্ধারিত ভাড়ায় চলাচল করবে। ডিপোর ইনচার্জ জানান, পুরনো ও জরাজীর্ণ সব বাস মেরামত করে ইতোমধ্যে শতভাগ সচল করা হয়েছে। বিগত বছরের তুলনায় এবার সরকারি রাজস্ব কয়েকগুণ বাড়বে বলে আশা করছেন বিআরটিসি বরিশাল বাস ডিপোর ম্যানেজার অপারেশন মো. জুলফিকার আলী।
এআইএল/সকালবেলা