বরিশালে বন্ধুর হাতে বন্ধু খুন
সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতুড়ির আঘাতে শাকিল হোসেন (২৫) নামের এক যুবক খুন হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শাকিল জালিরচর গ্রামের শাহজাহান পন্ডিতের ছেলে। এ ঘটনায় ঘাতক বন্ধু সাইফুল ইসলামকে (২৩) আটক করেছে পুলিশ। সাইফুল একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় জালিরচর গ্রামের পন্ডিত বাড়ির সামনে একটি পুরাতন কাচারী ঘরে বসে লুডু খেলছিল শাকিল ও সাইফুল। খেলার একপর্যায়ে চাল দেওয়া ও জেতা-হারা নিয়ে দুইজনের মধ্যে প্রচণ্ড কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাইফুল তার সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত ও আহতাবস্থায় শাকিলকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শাকিলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী রাতেই অভিযান চালিয়ে হামলাকারী সাইফুলকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয় বাসিন্দা সোহেল তালুকদার জানান, নিহত শাকিল ও সাইফুল সম্পর্কে একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। তবে তাঁরা দুইজনেই দীর্ঘদিন ধরে মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শাকিলের মৃত্যু হয়েছে। নিহতের মাথায় এবং শরীরে হাতুড়ির গুরুতর জখম ও আঘাতের চিহ্ন ছিল।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, লুডু খেলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এআইএল/সকালবেলা
|