ফেসবুকে অস্ত্রের ছবি, সুনামগঞ্জে যুবক আটক

প্রকাশ: শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
ফেসবুকে অস্ত্রের ছবি, সুনামগঞ্জে যুবক আটক

এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি: ফেসবুকে আগ্নেয়াস্ত্রসহ মহড়ার ছবি ও ভিডিও প্রকাশের ঘটনায় জড়িত সন্দেহে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে হেলাল আহমদ (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে দোয়ারাবাজার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক হেলাল আহমদ দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও-খাসিয়াবাড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক হেলাল আহমদের ভাই সুজন মিয়া সম্প্রতি তাঁর ব্যক্তিগত ফেসবুক স্টোরিতে সীমান্ত এলাকায় অস্ত্রসহ মহড়া দেওয়ার একটি ছবি পোস্ট করেন। এর পাশাপাশি ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সাথে মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া ও সেলফি তোলার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জুমগাঁও-খাসিয়াবাড়ি এলাকার তিন যুবককে অস্ত্র হাতে দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ও তোলপাড় সৃষ্টি হয়। পরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সুজন মিয়ার ভাই হেলাল আহমদকে আটক করে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেসবুকের ছবি ও ভিডিওটি নজরে আসার পরপরই পুলিশকে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ছবি ও ভিডিও তোলার স্থানটি ভারতের অভ্যন্তরে এবং অস্ত্রগুলো মূলত ভারতীয় খাসিয়াদের। বাংলাদেশি যুবকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে অস্ত্রের ভিডিও ও ছবি তোলার বিষয়টি বিজিবি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, ফেসবুকে অস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশের ঘটনায় জড়িত সন্দেহে দোয়ারাবাজার থেকে হেলাল নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, আটক হেলালের ভাই সুজন মিয়া মূলত ফেসবুকে এই ছবিগুলো প্রকাশ করেছিল। ঘটনার মূল সূত্র ও স্থান ভারতের অভ্যন্তরে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেলেও পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন