খেলা দেখা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়ার পর যুবকের আত্মহত্যা
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা ও দেরিতে ঘরে ফেরা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়ার জেরে মো. আলাউদ্দিন ওরফে রায়হান (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ সোমবার (২০ জুলাই ২০২৬) ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রায়হান কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়ির কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান আগে সৌদি আরবে ছিলেন। বছরখানেক আগে দেশে ফেরেন এবং গত ৫-৬ মাস আগে বিয়ে করেন। গতকাল রোববার রাতে স্থানীয় কানকিরহাট বাজারে বন্ধুদের সাথে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগ করেন তিনি। খেলা শেষে ভোরে বাড়ি ফিরলে রাত জেগে বাইরে খেলা দেখা ও দেরিতে ফেরা নিয়ে স্ত্রী মারজান আক্তার মমতাজের (১৮) সাথে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেলে রায়হান তাঁকে আত্মহত্যার হুমকি দেন। পরে স্ত্রী কিছুটা দূরে গিয়ে ঘরে ফিরে এসে দেখেন, স্বামী সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলছেন। মর্মান্তিক বিষয় হলো, আজ সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা চূড়ান্ত হয়ে এসেছিল।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা