জাইমা রহমানকে নিয়ে অশালীন পোস্ট, গ্রেপ্তার ১

প্রকাশ: মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ণ
জাইমা রহমানকে নিয়ে অশালীন পোস্ট, গ্রেপ্তার ১

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৮ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গোলাম রসুল কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একজন চতুর্থ শ্রেণির কর্মচারী।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সম্প্রতি দেশজুড়ে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার পর গোলাম রসুল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে জড়িয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশালীন একটি পোস্ট দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশের সাইবার মনিটরিং টিমের নজরে আসে এবং দ্রুত তদন্ত শুরু হয়। প্রযুক্তির সহায়তায় ঘটনার সত্যতা ও সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ওসি আরও জানান, এই ন্যাক্কারজনক ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার (৯ জুন) সকালে আসামিকে কড়া নিরাপত্তায় বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই অপরাধের পেছনে অন্য কোনো চক্র বা উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের আইনগত কার্যক্রম ও তদন্ত চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা