ভাঙ্গায় এক স্ত্রীকে নিয়ে থানার ভেতরে দুই ভাইয়ের মারামারি

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ণ
ভাঙ্গায় এক স্ত্রীকে নিয়ে থানার ভেতরে দুই ভাইয়ের মারামারি

হুসাইন আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে ছোট ভাইয়ের পালিয়ে যাওয়ার পর থানা চত্বরে সালিশি বৈঠকে মারামারির ঘটনা ঘটেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে পরিবারের সদস্যরা পলাতক দুজনকে ঢাকা থেকে উদ্ধার করে ভাঙ্গা থানায় মীমাংসার জন্য নিয়ে এলে থানা প্রাঙ্গণেই এক স্ত্রীকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচড়া গ্রামের আজিজুল হকের বড় ছেলে একরাম আলী পার্শ্ববর্তী গ্রামের পূর্ণিমা নামের এক নারীকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর ছোট ভাই আব্দুল্লাহর সঙ্গে পূর্ণিমার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে দেবর আব্দুল্লাহর সঙ্গে ঘর ছেড়ে পালিয়ে যান পূর্ণিমা।

শনিবার দুপুরে ওই নারীর পরিবার সাভার থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানা চত্বরেই সংবাদকর্মী, স্থানীয় বাসিন্দা ও পুলিশের সামনে এক নারীকে নিজেদের স্ত্রী দাবি করে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে আব্দুল্লাহ ও একরাম আলীসহ বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ উভয় পক্ষকে থানা প্রাঙ্গণ থেকে বের করে দেয়।

পরকীয়া প্রেমের বিষয় স্বীকার করে পূর্ণিমা জানান, প্রথম স্বামী ও শাশুড়ি তাঁর ওপর নির্যাতন চালাতেন। সেই সময় দেবর আব্দুল্লাহ তাঁকে সহায়তা করতেন। পরবর্তীতে স্বামীকে ছেড়ে দিয়ে তিনি দেবরকে বিয়ে করে পালিয়ে যান।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, থানা চত্বরের বাইরে এক নারীকে নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দেয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন