গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলা শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ রবিবার (২৪ মে) সকালে এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।
এর আগে গত শনিবার রাত ৯টার দিকে অভিযুক্তকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। পরে তার কঠোর শাস্তির দাবিতে শহরজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্থানীয় ক্ষুব্ধ জনতা।
গ্রেফতার হওয়া এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় সদস্য। ভুক্তভোগী গৃহবধূ তাঁর স্বামীকে নিয়ে এনামুলের বাসাতেই ভাড়া থাকতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূকে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি ওই গৃহবধূ তাঁর স্বামীকে জানালে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ-বৈঠকও হয়। ওই সালিশের পর থেকেই ভাড়াটিয়া পরিবারের ওপর চরম ক্ষুব্ধ ছিলেন বাড়ির মালিক এনামুল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে ফাঁকা বাসায় ওই গৃহবধূকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এনামুল। পরে ভুক্তভোগী নারী বিষয়টি তাঁর স্বামী ও পরিবারের সদস্যদের জানান। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে রাতে ক্ষুব্ধ এলাকাবাসী একজোট হয়ে এনামুলকে তাঁর নিজ বাসা থেকে আটক করে এবং পুলিশে খবর দেয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শনিবার রাতে জনতার হাত থেকে এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে আজ রবিবার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি লিখিত ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় অভিযুক্ত এনামুলকে গ্রেফতার দেখিয়ে আজই আদালতে পাঠানো হবে।
এদিকে এ বিষয়ে সাবেক জেলা ছাত্রদল সভাপতি এবং বর্তমান স্বেচ্ছাসেবক দলের এক শীর্ষ নেতা দাবি করেন, এনামুলকে এই ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তাঁর দাবি, ওই নারী তাঁর আগের স্বামীকে ফেলে এসে এখানে অন্যরকম পরিবেশ তৈরি করেছিলেন এবং এনামুলকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেনস্তা করতেই এই ধর্ষণের নাটক সাজানো হয়েছে।