ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুরে সাংবাদিক সমাজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও দেশাত্মবোধের আবহে ২৬শে মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফরিদপুর সাংবাদিক ইউনিয়ন, ফরিদপুর মহানগর প্রেসক্লাব এবং রিপোর্টার্স ক্লাব ফরিদপুর সম্মিলিতভাবে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহরের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও সদস্যরা একত্রিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা এবং রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ। এছাড়াও ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও দৈনিক সকালবেলা’র জেলা প্রতিনিধি এস এম সাহানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ ও কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর উপস্থিত সাংবাদিকরা এক মিনিট নীরবতা পালন করেন এবং স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার সূর্যোদয়ের মধ্য দিয়ে বাঙালি জাতি পায় একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। লাখো শহীদের রক্ত ও অসংখ্য মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং স্বাধীনতার চেতনাকে লালন করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতারা স্বাধীনতার মূল চেতনা—গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ—প্রতিষ্ঠায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদপুরের সাংবাদিক সমাজের এই সম্মিলিত শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি ছিল গভীর আবেগ ও জাতীয় চেতনার এক উজ্জ্বল বহিঃপ্রকাশ।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ