হরিণাকুণ্ডুতে ভ্যান উল্টে যুবকের মৃত্যু

প্রকাশ: বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ণ
হরিণাকুণ্ডুতে ভ্যান উল্টে যুবকের মৃত্যু

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভালকি বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩০) নামে এক ভ্যানচালক যুবক নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকালে মুরগির বাচ্চা বিক্রির উদ্দেশ্যে ঝিনাইদহ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ভ্যানটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হরিণাকুণ্ডু উপজেলার কাদিখালি রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে মুরগির বাচ্চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়। তবে সদর হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

আলমগীরের এই অকাল মৃত্যুতে তাঁর পুরো পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছে। ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে চাচীর আশ্রয়ে কোনোমতে বেড়ে ওঠা আলমগীরই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর সাত বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে এবং তাঁর স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। ফলে অনাগত সন্তান পৃথিবীর মুখ দেখার আগেই বাবাকে হারাল। দিনমজুর আলমগীরের এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এআইএল/সকালবেলা