মুন্সীগঞ্জে অবৈধ অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে অবৈধ অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, পাইপগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুরে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ছোট মাকহাটি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছোট মাকহাটি গ্রামের গাজী বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে মো. রাসেল শিকদারকে (৪৩) ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে বাড়ির মালিক শুভ গাজীর (৩৭) কাছ থেকে আরও ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানের একপর্যায়ে আল আমিন মাঝিকে (৩২) আটক করে তাঁর কোমর থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই কক্ষ থেকে একটি দেশীয় পাইপগান এবং বাড়ির বিভিন্ন স্থান থেকে ছুরি, দা ও হাতুড়িসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। আল আমিন মাঝি একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এবং একটি হত্যা মামলার পলাতক আসামি। এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সংঘর্ষে তিনি সরাসরি অংশ নিতেন বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন