খুলনায় অজ্ঞাত নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার
সরদার সাইদী হাসান বাবু, খুলনা ব্যুরো: খুলনার রূপসা পাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা সদর থানাধীন প্রান্তিক আবাসিক এলাকা থেকে এক অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে ওই আবাসিক এলাকার ৩ নম্বর রোড থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো এই মরদেহটি উদ্ধার করা হয়।
খুলনা সদর থানা পুলিশ জানায়, প্রান্তিক আবাসিক এলাকার সড়কে একটি সন্দেহভাজন প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। তথ্য পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তার মুখ খুলে আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে এই মৃত্যু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত ওই নারীর কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর নাম, ঠিকানা বা তিনি কোথা থেকে এসেছেন, সে বিষয়ে কোনো তথ্য মেলেনি। তবে পরিচয় শনাক্তের সুবিধার্থে মরদেহটির মুখাবয়বের ছবি প্রকাশ করেছে পুলিশ।
খুলনা সদর থানার ডিউটি অফিসার সর্বসাধারণের কাছে বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, “যদি কেউ এই নারীকে চিনে থাকেন অথবা তাঁর পরিবার বা স্বজনদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত খুলনা সদর থানা অথবা নিকটস্থ পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।”
এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় খুলনা সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এআইএল/সকালবেলা
|