গোপালগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) রাত পৌনে ৪টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ভেড়ার বাজার ঋষিপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— গোপালগঞ্জ সদর উপজেলার মানসুর শিকদার (৩০) ও সেলিম শেখ (৩৬)।
ডিবি পুলিশ জানায়, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল ভেড়ার বাজার ঋষিপাড়ার মানসুর শিকদারের বসতবাড়ি সংলগ্ন দোকানে অভিযান চালায়।
এ সময় মানসুর শিকদারের কাছ থেকে ২৫ পিস এবং সেলিম শেখের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
গোপালগঞ্জ ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা
|