গাজীপুরে বিদেশি পিস্তলসহ দুজন গ্রেফতার
মহিউদ্দিন আহমেদ, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে দুটি অবৈধ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে সিটির পাজুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একাধিক চৌকস টিম পাজুলিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি রেজিস্ট্রেশনবিহীন লাল রঙের টিভিএস মোটরসাইকেল থামিয়ে আরোহীদের তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা তানজিম আহমেদ সোহেল (৩০) এবং জিএমপির সদর থানার নীলেরপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ বাবু (৩০)। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন জানান, অস্ত্রসহ গ্রেফতারকৃত এই যুবকদের মূল উদ্দেশ্য ও পরিকল্পনা কী ছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে।
এআইএল/সকালবেলা