কালিয়াকৈরে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৩

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে এক নারী শ্রমিককে (১৯) জিম্মি করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ঘটনায় জড়িত আরও তিনজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন বাছেদ মিয়া (৪০), সোলেমান হোসেন (৫৪) এবং আশরাফুল ইসলাম (৩৪)। এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার রতনপুর এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে ওই নারী শ্রমিক উপজেলার রতনপুর রেলস্টেশন এলাকায় বেড়াতে যান। সেখানে তাঁর কারখানার সুপারভাইজারের সঙ্গে দেখা হলে তাঁরা কথা বলছিলেন। একপর্যায়ে পাঁচ-ছয়জন যুবক এসে তাঁদের দুজনকে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে আটকে রাখেন। সেখানে তাঁদের মারধর করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরবর্তীতে অভিযুক্তরা ওই নারীকে আটকে রেখে তাঁর সহকর্মীকে ছেড়ে দেন এবং চারজন মিলে নারীটিকে পালাক্রমে ধর্ষণ করেন।

ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ওই নারী আত্মরক্ষার্থে দৌড়ে পাশের একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরে পরিবারের সদস্যদের খবর দিলে রাত ১০টার দিকে স্বজনরা তাঁকে সেখান থেকে উদ্ধার করেন। পরবর্তীতে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় এবং ভুক্তভোগী নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা